রাজশাহীতে ধান খেত থেকে চতুর্থ শ্রেণির শিশুর লাশ উদ্ধার
প্রকাশ : 2026-03-02 18:47:29১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রাজশাহীর পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের বিল ধরমপুর এলাকায় একটি ধানক্ষেত থেকে ১১ বছর বয়সী এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আদিব আহনাফ ওই এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। সে বিল ধরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। সোমবার [২ মার্চ) সকালে স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে রাজশাহী মহানগর পুলিশের [আরএমপি) কর্ণহার থানা। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা [ওসি) মো. হাবিবুর রহমান। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার [১ মার্চ) রাতে দাদা শামসুল হুদার সঙ্গে ধরমপুর জামে মসজিদে তারাবির নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় আদিব। কিন্তু রাত পেরিয়ে গেলেও সে বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সোমবার ভোরে স্থানীয় কয়েকজন কৃষক ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরিবারের দাবি, নিহতের পরনে পাঞ্জাবি ও প্যান্ট ছিল। প্যান্টের বেল্ট খুলে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে তাদের সন্দেহ। এ বিষয়ে নিহতের মামা মো. মোকছেদ আলী বলেন,“এটি একটি পরিকল্পিত হত্যা। আমার ভাগ্নেকে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কর্ণহার থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। কর্ণহার থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে হত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। এবিষয়ে পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হবে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা দ্রæত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।