মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রির অভিযোগে রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ : 2026-05-13 17:39:19১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রির অভিযোগে রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রাজশাহী মহানগরীতে বিএসটিআইর অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকস পণ্য বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। অভিযানে বিএসটিআইর ছাড়পত্র ছাড়াই শ্যাম্পু, সাবান, লিপস্টিক, নেইলপলিশ ও স্কিন পাউডারসহ বিভিন্ন কসমেটিকস পণ্য বিক্রি ও বিতরণের অভিযোগে নগরীর নিউমার্কেট এলাকার সুমন অ্যান্ড ব্রাদার্সকে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ কসমেটিকস পণ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে থিম ওমর প্লাজায় অবস্থিত লিরা ইমপোর্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইসলাম নাসিফ ও সেহরীন তাবাসসুম তিথীর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এ সময় বিএসটিআই জানিয়েছে,জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।