মাদারীপুরে ফের ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষ: ঘণ্টাব্যাপী তাণ্ডবে শহরজুড়ে আতঙ্ক

প্রকাশ : 2026-02-24 15:01:50১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদারীপুরে ফের ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষ: ঘণ্টাব্যাপী তাণ্ডবে শহরজুড়ে আতঙ্ক

মাদারীপুর শহরে আবারও ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার (রাত) পূর্ব আমিরাবাদ এলাকায় এক ড্রাইভারকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও বিস্ফোরণের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব আমিরাবাদ এলাকার বাসিন্দা সোনালী পরিবহনের ড্রাইভার কাওসার হোসেনসহ তার স্ত্রীকে ডিসি ব্রিজ এলাকার কয়েকজন যুবক মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত ডিসি ব্রিজ, কলেজ রোড ও পূর্ব আমিরাবাদসহ আশপাশের এলাকায় কিশোর ও যুবকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ চলাকালে আমিরাবাদ এলাকায় অন্তত ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার শঙ্কায় আমিরাবাদ এলাকাবাসীরা ঘর থেকে বের হননি। অনেক ব্যবসায়ী দ্রুত দোকানপাট বন্ধ করে দেন।

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।এ বিষয়ে মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, এর আগেও শহরের বিভিন্ন এলাকায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।