মাদারীপুরে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
প্রকাশ : 2026-03-22 12:38:55১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদারীপুরে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৭টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ মাঠে জেলার প্রধান এ জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে নামাজ পড়ান 'আব্দুর রাজ্জাক হাওলাদার জামে মসজিদ'-এর ইমাম ও খতিব মাওলানা মুফতি মাহমুদুল হাসান
এ সময় দেশ ও জাতির শান্তির কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। নামাজ শেষে মুসল্লিরা বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। ঈদের নামাজকে ঘিরে এ সময় নেয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
মুসল্লিদের সাথে নামাজ আদায় করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দারা আলী মিয়া। এ সময় তিনি বলেন, বিএনপি'র ৩১ দফা বাস্তবায়ন এরই মধ্যে শুরু হয়েছে। মায়েরা পাচ্ছেন ফ্যামিলি কার্ড, কৃষকরা পাচ্ছেন কৃষি কার্ড। কৃষকদের কৃষিঋণও মওকুফ করেছে সরকার। বিএনপির শুধু প্রতিশ্রুতিই দেয় না, এগুলো বাস্তবায়ন করে। দেশের মানুষ এখন শান্তিতে বসবাস করতে পারছে, রাতে শান্তিতে ঘুমাতেও পারছে।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামিনের হোসেন মিঠু, মিজানুর রহমান মুরাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক মিজান শিকদারসহ রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ অনেকেই।