মাদারীপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
প্রকাশ : 2026-02-14 16:45:28১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
নিহত হাবিব চাপরাশি (৪৫) সদর থানার ঘটমাঝি ইউনিয়নের মৃত খালেক চাপরাশির ছেলে ও নসু চাপরাশির ছোট ভাই। জানা যায়, তিনি নবনির্বাচিত মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাওয়ার পথে লোয়াইরডাঙ্গা এলাকায় দুর্ঘটনার শিকার হন।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাবিব চাপরাশি ও আল-আমিন নামে অপর একজন গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিব চাপরাশিকে মৃত ঘোষণা করেন। আহত আল-আমিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিব চাপরাশি প্রায় এক মাস আগে দুবাই থেকে ছুটিতে দেশে এসেছিলেন। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে। আকস্মিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সদর থানা পুলিশ সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।