বেগম লুৎফুন্নেছার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নন্দীগ্রামে স্মরণ সভা ও ইফতার মাহফিল
প্রকাশ : 2026-02-28 14:28:36১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি, জাতীয় মহিলা সংস্থা নন্দীগ্রাম উপজেলা শাখার সাবেক চেয়ারম্যান ও কাজী আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক বেগম লুৎফুন্নেছার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নন্দীগ্রাম শহরের থানা গেট সংলগ্ন বেগম লুৎফুন্নেছা ভবনে তার পরিবার ও প্রস্তাবিত বেগম লুৎফুন্নেছা ট্রাস্টের আয়োজনে এ স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রস্তাবিত বেগম লুৎফুন্নেছা ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও মরহুমার ভাতিজা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক আল-জাবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বেগম লুৎফুন্নেছার অবদানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আব্দুস সাত্তার, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর কবির বাবু, মহুমার ভাই উপজেলা আনসার ও ভিডিপির অবসরপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম সিদ্দিকী মুকুল, নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সহসভাপতি একেএম ফজলুল হক, সাধারণ সম্পাদক আলহাজ্ব শাবান আলী, কাজী আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান ও অধ্যাপক আব্দুল খালেক প্রমুখ।
বক্তরা বলেন, বেগম লুৎফুন্নেছা সমাজসেবায় নিবেদিত প্রাণ এক মানবিক নেত্রী ছিলেন। শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নে তার অবদান এলাকাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
পরে তার রুহের মাগফিতার কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মরহুমার আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।