বিশ্বকাপের ফাইনালে লাল-কালো মাটির পিচ: ভারত না নিউজিল্যান্ড, সুবিধা কার?
প্রকাশ : 2026-03-07 15:41:57১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা খরা কাটাতে কোনো খামতি রাখতে চাইছে না ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে মেগা ফাইনালের জন্য প্রস্তুত করা হচ্ছে একটি বিশেষ ‘মিশ্র মাটির’ পিচ। যেখানে লাল মাটির প্রাধান্য বেশি থাকবে বলে জানা গেছে।
এক সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি দাবি করেছে, টুর্নামেন্টের লিগ পর্বের কিছু পিচ নিয়ে কোচ গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন ভারতীয় টিম ম্যানেজমেন্ট সন্তুষ্ট ছিল না।এমনকি পিচ কিউরেটরদের সঙ্গে টিম স্টাফরা সরাসরি কথা বলে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন।
মূলত গত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং চলতি বিশ্বকাপের সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কালো মাটির মন্থর পিচে ভারত বড় ধাক্কা খেয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই এবার ফাইনালের জন্য ভিন্ন কৌশলে হাঁটছে ম্যানেজমেন্ট।
প্রতিবেদন অনুযায়ী, ফাইনালের উইকেটে লাল ও কালো মাটির মিশ্রণ থাকলেও লাল মাটির ভাগ বেশি থাকবে।
এর ফলে পিচে ভালো বাউন্স থাকবে এবং বল ব্যাটে আসবে সমানভাবে। কালো মাটির পিচ সাধারণত সময়ের সাথে মন্থর হয়ে যায়, যা ভারতের আক্রমণাত্মক ব্যাটিং শৈলীর জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে। কিন্তু লাল মাটির পিচে সূর্যকুমার যাদবদের ‘হাই-রিস্ক, হাই-রিওয়ার্ড’ ঘরানার ব্যাটিং এবং সঞ্জু স্যামসনদের কাউন্টার-অ্যাটাকিং ব্যাটিংয়ের জন্য সহায়ক হবে।আহমেদাবাদের এই উইকেটে সেমিফাইনালের মতো বড় স্কোরের প্রত্যাশা করা হচ্ছে।
এই মাঠেই চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ২১৩ রান তুলেছিল। কিউরেটরদের মতে, ফাইনালে ‘পার স্কোর’ হতে পারে ২০০-এর কাছাকাছি। ভারতের ওপেনিং জুটি এবং ফর্মের তুঙ্গে থাকা সঞ্জু স্যামসনের (সেমিফাইনালে ৮৯ রান) ওপর ভরসা করে ভারত একটি ব্যাটিং স্বর্গ উইকেটই প্রত্যাশা করছে।
তবে পিচে বাউন্স থাকায় নিউজিল্যান্ডের পেসাররাও কিছুটা বাড়তি সুবিধা পেতে পারেন, যা ম্যাচটিকে একটি ভারসাম্যপূর্ণ বা ‘স্পোর্টিং’ লড়াইয়ে পরিণত করবে। এখন দেখার বিষয়, আহমেদাবাদের এই পিচ ভাগ্য শেষ পর্যন্ত কার দিকে যায়—ভারত নাকি ব্ল্যাক ক্যাপসদের?