বাড়ছে না তেলের দাম, পরিবহন খাতে কোনো ধরনের অস্থিরতা সহ্য করা হবে না: হুঁশিয়ারি মন্ত্রীর

প্রকাশ : 2026-03-13 15:09:45১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাড়ছে না তেলের দাম, পরিবহন খাতে কোনো ধরনের অস্থিরতা সহ্য করা হবে না: হুঁশিয়ারি মন্ত্রীর

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পরিবহন খাতে কোনো ধরনের অস্থিরতা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানিয়েছেন, ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা হবে এবং তেলের দাম বাড়বে না। ফলে এ অজুহাতে পরিবহন ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই।

শুক্রবার (১৩ মার্চ) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন ও যাত্রীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।পরিবহন মালিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, জ্বালানি মন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন, ১৫ তারিখ থেকে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হবে। তেলের দাম বাড়ানো হবে না, যার ফলে ভাড়া বাড়ছে না। কোনো অবস্থাতে সরকার নির্ধারিত ভাড়ার বেশি আদায় করা যাবে না। যদি কেউ বেশি ভাড়া নেয়, আমাকে জানান, ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আমার।

তিনি আরও জানান, মাঝখানে তেলের দাম বাড়ার আশঙ্কায় কিছু অগ্রিম টিকিট ফেরত দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যা সরকারের হস্তক্ষেপে বন্ধ করা হয়েছে।

আজ থেকে শুরু হওয়া ট্রেনযাত্রা নিয়ে মন্ত্রী সন্তোষ প্রকাশ করে বলেন, সকাল থেকে ২১টি ট্রেন ছেড়ে গেছে এবং সবগুলোই সঠিক সময়ে যাতায়াত করছে। গত কয়েকদিন একটি দুর্ঘটনার কারণে দুটি ট্রেন তিন ঘণ্টা লেইটে চললেও আজ তা কমিয়ে ৪০ মিনিটে আনা হয়েছে। আগামী দুদিনের মধ্যে শিডিউল পুরোপুরি স্বাভাবিক হবে।

অনলাইনে টিকিট কেনা নিয়ে মন্ত্রী বলেন, প্রায় ৩৭ লাখ মানুষ টিকিট কেনার চেষ্টা করেছিল। আমাদের সক্ষমতা অনুযায়ী ৩৩ হাজার টিকিট দেওয়া হয়েছে। প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ ছিল, তাই সবাই ফেয়ারলি টিকিট পেয়েছে।

শেখ রবিউল আলম বলেন, মাত্র দুই-তিনদিনে ঢাকা শহর থেকে প্রায় সোয়া কোটি থেকে দেড় কোটি মানুষ বাইরে যাবে। পৃথিবীর কোনো শহরে এত অল্প সময়ে এত বিশাল জনস্রোতের নজির নেই।আমাদের সক্ষমতার মধ্যে যতটুকু সম্ভব কোচ এবং লোকোমোটিভ (ইঞ্জিন) বাড়ানো হয়েছে।নিরাপত্তার বিষয়ে তিনি জানান, শৃঙ্খলা রক্ষায় স্টেশনে প্রতি ৫০০ মিটার পরপর বিশেষ জ্যাকেট পরিহিত ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছে। এছাড়া রেলওয়ে পুলিশের সঙ্গে জেলা পুলিশ, আনসার ও হাইওয়ে পুলিশ সমন্বিতভাবে কাজ করছে।

ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কড়াকড়ি আরোপ করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আমরা ছাদে ওঠার সব পথ বন্ধ করছি। তবে মানুষের বাড়ি ফেরার যে তীব্র আকাঙ্ক্ষা, তাতে মাঝে মাঝে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমি দেশবাসীকে অনুরোধ করব-জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়বেন না।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।