বরগুনার উন্নয়নে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান চীফ হুইপ নুরুল ইসলাম মণির
প্রকাশ : 2026-03-22 18:35:17১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বরগুনার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম মণি। তিনি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সাংবাদিক ও সচেতন নাগরিকদের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।রবিবার (২২ মার্চ) বেলা ১১টায় বরগুনা সার্কিট হাউসে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বরগুনার উন্নয়নে গৃহীত সব প্রস্তাব বাস্তবায়নে আমি আন্তরিকভাবে কাজ করবো। তবে এ ক্ষেত্রে সাংবাদিকসহ সচেতন মহলের ঐক্যবদ্ধ সমর্থন অপরিহার্য।”
সভায় সূচনা বক্তব্যে বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল জেলার উন্নয়নে ১৫ দফা প্রস্তাব উপস্থাপন করেন। প্রস্তাবগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল—বরগুনা-বেতাগী-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক দ্রুত বাস্তবায়ন, বরগুনা জেনারেল হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীতকরণ, বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক সংকট নিরসন, ২৫০ শয্যা হাসপাতালের জনবল বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ।
এছাড়া ডেঙ্গু মোকাবেলায় আগাম প্রস্তুতি, বরগুনায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা (যেখানে দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ে শিক্ষা চালু থাকবে), বিষখালী ও পায়রা নদীর ওপর সেতু নির্মাণ, জলদস্যু দমন, সীমান্তে অবৈধ মাছ শিকার বন্ধ, খাকদোন নদী দখলমুক্তকরণ এবং নিয়মিত খননের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনা, শিল্পায়নের উদ্যোগ গ্রহণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়।
মতবিনিময় সভায় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবু জাফর মোঃ সালেহ, সাবেক সভাপতি গোলাম মোস্তফা কাদের ও সোহেল হাফিজ, সহ-সভাপতি রেজাউল ইসলাম টিটু, যুগ্ম সম্পাদক মালেক মিঠু এবং আইসিটি সম্পাদক শাহ আলী। তারা বরগুনায় পল্লী বিদ্যুতের জোনাল অফিস স্থাপন, আবহাওয়া অফিস চালু, বরগুনা-বরিশাল মহাসড়ক সম্প্রসারণ, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, পৌরসভার সীমানা বৃদ্ধি এবং খাসজমির সুষ্ঠু ব্যবস্থাপনার দাবি জানান।
সভায় বক্তারা বলেন, সম্ভাবনাময় উপকূলীয় জেলা হওয়া সত্ত্বেও দীর্ঘদিনের অবহেলার কারণে বরগুনা কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে। এ অবস্থা কাটিয়ে উঠতে সমন্বিত উদ্যোগ, কার্যকর পরিকল্পনা এবং সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
সবশেষে চীফ হুইপ মোঃ নুরুল ইসলাম মণি সাংবাদিকদের উত্থাপিত প্রস্তাবগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন। তিনি বলেন, “আমি একা সবকিছু করতে পারবো না। বরগুনার উন্নয়নে সবার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টায় বরগুনাকে একটি আধুনিক ও উন্নত জেলায় রূপান্তর করা সম্ভব।”
প্রাণবন্ত আলোচনা ও পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।