ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহত
প্রকাশ : 2026-05-24 20:21:07১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ফরিদপুরে ডাক্তার দেখাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহতের ঘটনা ঘটেছে। সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামে পাশাপাশি খোড়া হচ্ছে দুই ভাইসহ ৪ জনের কবর। এমন মর্মান্তিক ঘটনায় শোকে স্তব্ধ পুরো গ্রাম, পরিবারে চলছে মাতম। বিকাল ৪টার দিকে ৪টি লাশ বাড়িতে পৌছালে স্বজন ও এলাকাবাসী কান্নায় ভেঙ্গে পড়ে।
পরিবার ও স্বজনরা জানায়, দুই মাস আগে স্ট্রোক করেন সদর উপজেলার বালিয়া গ্রামের হাজী মোহাম্মদ ওয়াহেদ মোল্লার মেজো ছেলে আলমগীর মোল্লা। এতে প্যারালাইজড-এ আক্রান্ত হলে চিকিৎসা শেষে বাড়ি আনা হয় তাকে। রবিবার সকালে আলমগীরকে ডাক্তার দেখানোর জন্য অ্যাম্বুলেন্স যোগে ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা করেন পরিবারের ৪ সদস্য। পথিমধ্যে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের শংকরপাশা এলাকায় পৌছালে ঢাকাগামী বিআরটিসি পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান আলমগীর মোল্লা, স্ত্রী খুশি বেগম, বড় ভাই জাহাঙ্গীর মোল্লা, ভাবি বেলী বেগমসহ অ্যাম্বুলেন্স চালক কাওসার মাতুব্বর। এ খবর গ্রামের বাড়িতে পৌছালে আহাজারিতে ভেঙ্গে পড়েন স্বজনরা। পাশাপাশি খোড়া হচ্ছে ৪ জনের কবর।