প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের রাষ্ট্রপতির সাক্ষাৎ, পাশে ছিলেন জাইমা রহমান
প্রকাশ : 2026-02-17 20:10:14১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার কন্যা জাইমা রহমান। বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বর্তমানে মালদ্বীপের রাষ্ট্রপতি ঢাকায় অবস্থান করছেন।বৈঠকে দুই দেশের শীর্ষ নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এর আগে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার শপথের পর প্রথমে নতুন সরকারের মন্ত্রী এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়ান।
এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হলো। একই সঙ্গে প্রায় দুই যুগ পর বিএনপির নেতৃত্বাধীন সরকারের যাত্রা শুরু হলো।