প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখতে চান: মির্জা ফখরুল

প্রকাশ : 2026-03-31 15:55:44১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখতে চান: মির্জা ফখরুল

দেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতির প্রভাবমুক্ত রেখে মেধা ও যোগ্যতার ভিত্তিতে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখতে চান এবং সেই লক্ষ্যেই কাজ শুরু করেছেন।

মঙ্গলবার রাজধানীর মোহামেডান স্পোর্টিং ক্লাবের নব নির্বাচিত পর্ষদদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “শুধু খেলা নয়, খেলোয়াড়রা যেন এটিকে পেশা হিসেবে নিতে পারে—সেই ভাবনাও তার মাথায় রয়েছে এবং সেই লক্ষ্যে তিনি কাজ শুরু করেছেন। ভাতা দেওয়া বা সম্মাননা দেওয়া বড় কথা নয়, বড় বিষয় হচ্ছে ভবিষ্যতে খেলোয়াড়রা যেন খেলাকেই পেশা হিসেবে নিতে পারে।”

তিনি বলেন, “আমরা সবসময় মনে করেছি, খেলাধুলায় কোনো রাজনীতি থাকা উচিত নয়। রাজনীতির কারণে কোনো মেধাবী খেলোয়াড় দল থেকে বা জাতীয় দল থেকে বাদ পড়লে সেটি সবচেয়ে কষ্টের বিষয়। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।”

ক্রীড়ামন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের তরুণ ক্রীড়ামন্ত্রী, যিনি নিজেও একজন দক্ষ ও বরেণ্য ফুটবলার ছিলেন এবং দেশকে প্রতিনিধিত্ব করেছেন—তাকে অনুরোধ করব, তিনি যেন এই বিষয়টির দিকে লক্ষ্য রাখেন। যদি আমরা ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখতে পারি, তাহলে অবশ্যই সফল হব।”

তিনি পুনর্ব্যক্ত করেন, “বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও সেটাই চান এবং সেটাই তিনি বলেছেন।