পেশিশক্তি ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করবে তা আমরা হতে দিবোনা-সারজিস আলম
প্রকাশ : 2026-02-12 18:17:00১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী সারজিস আলম বলেছেন, ' পেশিশক্তির ব্যবহার করে নির্বাচনে ভোটকে প্রভাবিত করবে আর জয়ী হবে আমরা এটা হতে দিবোনা। বৃহস্পতিবার (১২ ফেব্রয়ারী) সকালে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বামনকুমার রাখালদেবীহাট আদর্শ উচ্চ বিদ্যালয় নির্বাচনী কেন্দ্রে ভোট নিজের ভোট দেন তিনি।
এরপর সারজিস আলম তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় সংবাদ কর্মীদের বলেন, 'আমি উৎসবমুখর পরিবেশে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতীক শাপলা কলি ও গণভোটে হ্যাঁ তে ভোট দিয়েছি। হাজারো শহীদের বিনিময়ে আমরা বাংলাদেশে পরিবর্তনের আশায় ভোট দিলাম। আশা করি শেষ পর্যন্ত সুষ্ঠু ভোট পাবো। জনগণের মতামতের উপরে আমরা যেন আস্থা রাখি৷ ভোটগ্রহণের সাথে যারা রয়েছেন আমরা প্রত্যেকের পেশাদার আচরণ প্রত্যাশা করি। সকল রাজনৈতিক দল উদারতা দেখাতে পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব।'
তিনি বলেন, 'গত কয়েকদিনে ধরে আমরা বিএনপির নেতাকর্মীদের ভোটারদের বাঁধা দেওয়া ও হুমকি দিতে দেখেছি। আমরা প্রত্যাশা করি আজকে এমন অনাকাঙ্খিত আচরণ আর য়েনো না হয় । প্রশাসন যদি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে আমাদের কোনো অভিযোগ থাকবে না।'
সারজিস আলম আরও বলেন, 'তবে জনগণের উপর আমাদের আস্থা থাকবে। সারাদেশের মানুষ এবার শাপলা কলিসহ ১১ দলীয় জোটকে জয়ী করবে। মানুষ দেখেছে দেড় বছরে কারা মানুষের উপর জুলুম নির্যাতন করেছে তা বিবেচনা করে মানুষ ভোট দেবে ইনশাআল্লাহ।' তিনি বলেন, সুষ্ঠু ভোট হলে পঞ্চগড়-১ আসনের প্রত্যেক কেন্দ্রে জয়ের শাপলাকলি বিজয়ী হবে ।