পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ব্রিগেডে শনিবার শপথ
প্রকাশ : 2026-05-08 19:29:57১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ ঘোষণা দেন। আগামী শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অমিত শাহ ও ওডিশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। সেখানে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীকেই দলনেতা হিসেবে নির্বাচিত করা হয়।
অমিত শাহ জানান, দলীয় বিধায়কদের পক্ষ থেকে একাধিক প্রস্তাব এলেও সবগুলোতেই শুভেন্দু অধিকারীর নাম ছিল। অন্য কোনো নাম প্রস্তাব না আসায় তাকেই মুখ্যমন্ত্রী হিসেবে চূড়ান্ত করা হয়।
নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী পদের সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে দেখা হচ্ছিল। কারণ, তিনি একাধিকবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনী লড়াইয়ে পরাজিত করেছেন। এবারের ভোটেও ভবানীপুর ও নন্দীগ্রাম— দুই কেন্দ্রেই জয় পেয়েছেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে শুভেন্দুর জনপ্রিয়তা এবং নির্বাচনী সাফল্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তকে আরও সহজ করেছে। দলীয় কর্মীদের মধ্যেও তাঁর নেতৃত্ব নিয়ে ইতিবাচক মনোভাব দেখা গেছে।
পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে ঘোষিত ফলাফলে বিজেপি ২০৭টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন। বাকি আসনগুলোতে জয়ী হয়েছে বাম, কংগ্রেস ও অন্যান্য প্রার্থীরা।
শনিবারের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে নতুন সরকার গঠনের আগে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।