পঞ্চগড়ে স্কুলে হামলা ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ : 2026-03-01 18:43:39১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে স্কুলে হামলা ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে সদর উপজেলায় টুনিরহাট আদর্শ শিক্ষা নিকেতন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি অবৈধভাবে দখল ও স্কুল ঘর ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী-শিক্ষক ,অভিভাবক এবং এলাকাবাসী। রবিবার(১ মার্চ)  সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত ওই মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন।

 মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ১৯৯২ সালের প্রতিষ্ঠিত হয়ে সুনামের সাথে টুনিরহাট আদর্শ শিক্ষা নিকেতন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। এলাকার শিক্ষক-অভিভাবকদের কাছে আস্থার স্থল হয়ে উঠেছে স্কুলটি। পবিত্র রমজান উপলক্ষে স্কুল বন্ধ থাকার সুযোগ নিয়ে গত বৃহস্পতিবার প্রকাশ্য দিবালোকে একদল দুর্বৃত্ত বিদ্যালয়ে হামলা চালায়। এ সময় তারা ঘর ও আসবাবপত্র ভাঙচুর করে লুটপাট করে।

 এ ময় তারা স্কুলের জমি দখলের চেষ্টা করে। তারা স্কুলের একটি টিনশেড ঘর ভেঙ্গে ফেলে সেখানে নতুন করে ঘর নির্মাণ কাজ শুরু করে। এছাড়া স্কুলের আরও জমিতে তারা অবৈধভাবে দোকানঘর নির্মাণের চেষ্টা চালাচ্ছে। এ সময় স্থানীয়রা তাদের বাধা দিতে গেলে তারা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলার চেষ্টার অভিযোগ করেন বক্তারা। মানববন্ধন থেকে অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ ও বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

মানববন্ধনে টুনিরহাট আদর্শ শিক্ষা নিকেতন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অজিফুল হক, টুনিরহাট আদর্শ শিক্ষা নিকেতন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াসমিন ও ৪নং কামাত কাজল দিঘী ইউনিয়নের বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এ বিষয়ে পঞ্চগড় সদর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোঃ আশরাফুল ইসলাম বলেন, আমরা এ নিয় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।