নির্বাচনী অপরাধের দ্রুত বিচার করতে ৬৫৭ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ
প্রকাশ : 2026-02-06 11:10:45১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি (পাঁচ দিন) নির্বাচনি অপরাধে দ্রুত বিচার নিশ্চিত করতে ৬৫৭ জন বিচারককে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে মনোনয়ন দিয়েছে সরকার।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মনোনয়ন দিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের তালিকা নির্বাচন কমিশন সচিবের কাছে পাঠিয়েছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
মনোনয়নের চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনি এলাকায় ভোট গ্রহণের আগের দুই দিন, ভোটের দিন এবং ভোট গ্রহণের পরের দুই দিন মিলিয়ে মোট পাঁচদিনের (১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত) জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জুডিশিয়াল সার্ভিসের ৬৫৭ জন বিচারককে মনোনয়ন দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে ন্যস্ত করা হলো। তারা ১৯৭২ সালে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্বাচনি অপরাধ আমলে নেওয়া এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সম্পন্ন করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, মনোনীত ম্যাজিস্ট্রেটরা গণপ্রতিনিধিত্ব আদেশের আওতায় সংঘটিত নির্বাচনি অপরাধের বিষয়ে ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’ এর বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে দায়িত্ব পালনের জন্য এক হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পাওয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।