নাটকের পরিচিত মুখ তারিকুজ্জামান তপন আর নেই

প্রকাশ : 2026-04-25 11:01:40১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নাটকের পরিচিত মুখ তারিকুজ্জামান তপন আর নেই

বাংলা চলচ্চিত্র ও নাটকের পরিচিত মুখ তারিকুজ্জামান তপন আর নেই। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টার পর রাজধানীর আফতাবনগরের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে তাছফিক। তিনি জানান, রাত ৮টা ৬ মিনিটে তারিকুজ্জামান মারা যান। জানাজা ও দাফনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

পরিবার সূত্রে জানা যায়, গত ডিসেম্বর মাসে তাঁর খাদ্যনালিতে ক্যানসার ধরা পড়ে। এরপর থেকেই তিনি নিয়মিত চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। তবে শুক্রবারই তাকে বাসায় নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেতা মূল চরিত্রে না থেকেও নিজস্ব অভিনয়শৈলীতে আলাদা পরিচিতি গড়েছিলেন। বিশেষ করে কমেডি চরিত্রে তার স্বতঃস্ফূর্ত উপস্থিতি দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে আলতা বানু, ঠিকানা এবং যা ছিল অন্ধকারে।

তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী ও ভক্তরা তাকে স্মরণ করছেন তার কাজ ও বিনয়ী ব্যক্তিত্বের জন্য।