নন্দীগ্রামে মাঠের মধ্যে থেকে মানসিক প্রতিবন্ধীর লাশ উদ্ধার

প্রকাশ : 2026-02-11 17:54:24১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে মাঠের মধ্যে থেকে মানসিক প্রতিবন্ধীর লাশ উদ্ধার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বর্ষণ তিনমাথা এলাকার মাঠের মধ্যে থেকে রাশেদা বেগম (৩৮) নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার সকালে নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম-বিজরুল আঞ্চলিক সড়কের ভাটগ্রাম ইউনিয়নের বর্ষণ তিনমাথা এলাকায় মাঠের মধ্যে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাশেদা বেগম নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ভাগবজর গ্রামের উত্তরপাড়ার আব্দুল মালেকের স্ত্রী। 

থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে রাশেদা বেগম নিখোঁজ ছিলো। পরিবারের সদস্যরা সারাদিন ও সারারাত বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বুধবার সকালে স্থানীয় লোকজন বর্ষণ তিনমাথা এলাকার মাঠের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের স্বামী আব্দুল মালেক ও ছেলে আরিফুল ইসলাম জানান, রাশেদা বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। মঙ্গলবার সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা তার মরদেহ শনাক্ত করেন। 

নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক আল-মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরিচয় নিশ্চিত করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।