নন্দীগ্রামে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
প্রকাশ : 2026-05-03 18:49:04১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নন্দীগ্রাম কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২০২৫ শিক্ষাবর্ষের কৃতী শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহ জোগাতে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
শনিবার (২ মে) দুপুরে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে নন্দীগ্রাম কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও মহাসচিব গোলাম মোস্তফা মতিনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাঁদের মেধা ও যোগ্যতাকে সঠিকভাবে বিকশিত করতে পারলেই দেশ এগিয়ে যাবে। বর্তমান প্রজন্মকে শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা, সততা ও দেশপ্রেম শিক্ষার্থীদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেধাবীদের এমন স্বীকৃতি তাঁদের আরও ভালো ফলাফল করার অনুপ্রেরণা জোগাবে।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাহবুবুর রশীদ তোতা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, নিরাপদ সড়ক চাই নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি জামাল হোসেন, নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সহসভাপতি একেএম ফজলুল হক।
এ অনুষ্ঠানে নন্দীগ্রাম উপজেলার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ট্যালেন্টপুলে ৫৪জন, প্রথম ও দ্বিতীয় গ্রেডে ৬১০জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। কৃতী শিক্ষার্থীদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও উপহার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিথি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।