নন্দীগ্রামে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে মিলনকে হত্যা 

প্রকাশ : 2026-02-20 18:41:59১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে মিলনকে হত্যা 

বগুড়ার নন্দীগ্রামে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে মিলন হোসেন (১৭) নামে এক কিশোরকে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের বুড়ইল গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত মিলন ওই গ্রামে দিলবর হোসেনের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে উপজেলার বীরপলি গ্রামের শাহীন হোসেনের ছেলে শামীমের সঙ্গে নিহত মিলনের প্রতিবেশী নবীর শেখ নামের এক যুবকের বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। তখন মিলন তাদের শান্ত থাকতে বলে। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় শামীম তার শশুরবাড়ি বুড়ইল গ্রামে যাওয়ার পথে পূর্ব বিরোধের জেরে নবীর শেখ তাকে মারধর করে। এ ঘটনার জেরে শামীম ও তার পরিবারের লোকজন ক্ষুব্ধ হয়ে সদলবলে বৃহস্পতিবার রাতে বুড়ইল গ্রামে এসে নবীর শেখকে খুঁজতে থাকে। সেসময় তারাবির নামাজ শেষে মিলন হোসেন বাজার থেকে বাড়ি ফিরে বাড়ির বাইরে দাঁড়িয়ে পরিচিতজনদের সঙ্গে কথা বলছিলেন। তখন ৫ থেকে ৭টি মোটরসাইকেল নিয়ে কিছু যুবক ঘটনাস্থলে আসে। এরপর তারা মিলনের চাচাকে জিজ্ঞেস করে আপনার পার্শ্বে দাঁড়িয়ে থাকা ছেলেটি কে? তখন তার চাচা ভাতিজা বলে পরিচয় দেওয়ার পরপরই কয়েকজন হামলাকারী এসে মিলন হেসেনের বুকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।

এরপর স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শুক্রবার সকালে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।