নন্দীগ্রামে পুকুরে অক্সিজেন সঙ্কটে ৪৫ লাখ টাকার মাছ ক্ষতি
প্রকাশ : 2026-05-25 16:35:40১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
অধিক লাভের আশায় ব্যাংক থেকে ঋণ নিয়ে মাছ চাষ করেছিলেন নন্দীগ্রাম উপজেলার ৩ নম্বর ভাটরা ইউনিয়নের চৌদিঘী গ্রামের মৎস্য চাষি সাইফুল ইসলাম। কিন্তু হঠাৎ পুকুরে অক্সিজেন সঙ্কট দেখা দিলে পুকুরের সব মাছ মরে ভেসে ওঠে। এতে প্রায় ৪৫ লাখ টাকার মাছ ক্ষতি হয়েছে। এখন ঋণের বোঝা মাথায় নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।
জানা গেছে, লাভের আশায় সাড়ে ৮ বিঘা লিজকৃত পুকুরে দীর্ঘ এক বছর ধরে রুই, কাতল, মৃগেল, পাবদা টেংরা ও সিলভার কার্পসহ বিভিন্ন জাতের মাছ চাষ করেন সাইফুল ইসলাম। মাছ চাষে তাঁর মোট খরচ হয় প্রায় ৩৫ লাখ টাকা। প্রথম চালানে প্রায় ২৭ লাখ টাকার পাবদা মাছ বিক্রি করেছিলেন তিনি। আর দুই থেকে তিন দিন পরই ক্রেতাদের পুকুর থেকে মাছ উত্তোলনের কথা ছিলো। কিন্তু গত শনিবার হঠাৎ পুকুরে অক্সিজেন সঙ্কটের কারণে বিপুল পরিমাণ মাছ মরে যেতে থাকে। দ্রুত পরিস্থিতি সামাল দিতে অক্সিজেন ও গ্লুকোজ বাবদ প্রায় ৫৬ হাজার টাকা খরচ করলেও শেষ রক্ষা হয়নি। অল্প সময়ের মধ্যেই পুকুরজুড়ে ভেসে ওঠে মরা মাছ। পরবর্তীতে দুর্গন্ধ ও পরিবেশ দূষণ এড়াতে প্রায় ৪৫ লাখ টাকার মরা মাছ মাটিচাপা দিতে বাধ্য হন সাইফুল ইসলাম। হঠাৎ এমন বিপর্যয়ে তিনি এখন নিঃস্ব হয়ে পড়েছেন।
মৎস্য চাষি সাইফুল ইসলাম বলেন, অনেক স্বপ্ন নিয়ে ব্যাংক থেকে ঋণ করে মাছ চাষ করেছিলাম। কয়েকদিন পরই মাছ বিক্রি করার কথা ছিলো। কিন্তু এক রাতেই সব শেষ হয়ে গেলো। এখন ঋণের টাকা কীভাবে পরিশোধ করবো বুঝতে পারছি না। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস বলেন, বিষয়টি আমার জানা নেই।