জামালপুরের নান্দিনায় নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ফারিয়ার মানববন্ধন
প্রকাশ : 2026-05-11 16:48:54১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
"অধিকার আদায়ে,আমরা সবাই একসাথে’ এ স্লোগানকে সামনে রেখে পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে জামালপুর সদর উপজেলার নান্দিনা ফারিয়ার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১১ মে) বেলা ১১ টায় নান্দিনা জেনারেল হাসপাতালের সামনে এই কর্মসূচি পালন করেন জামালপুর সদর নান্দিনা ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া)।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জামালপুর জেলার সদর উপজেলার নান্দিনা ফারিয়ার সভাপতি আব্দুল জলিল, সহ সভাপতি মোনায়েম হোসেন, সাধারণ সম্পাদক আহসান হাবীব, সিনিয়র সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক শামীম আহম্মেদ, সম্মানিত সদস্য রেজাউল করিমসহ অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, আজকে আমাদের পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে এই মানববন্ধন। মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা এদেশের স্বাস্থ্যসেবা খাতের এক অপরিহার্য এবং উচ্চশিক্ষিত অংশ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, তাদের পেশাগত মর্যাদা নিয়ে বারবার ছিনিমিনি খেলা হচ্ছে।
বক্তারা আরও বলেন, চিকিৎসা প্রতিনিধিরা কোনোভাবেই দালাল নন, বরং তারা আধুনিক চিকিৎসাবিজ্ঞানের তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছে দেওয়ার এক দক্ষ কারিগর। তাই এই পেশার রাষ্ট্রীয় ও সামাজিক স্বীকৃতি নিশ্চিত করা এখন সময়ের অপরিহার্য দাবি। ঔষধ কোম্পানির প্রতিনিধিদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবি জানাচ্ছি। রোদ-বৃষ্টি উপেক্ষা করে সেবাদানকারী এই মানুষগুলোর চাকরির নিরাপত্তা এবং কর্মক্ষেত্রে ন্যূনতম মর্যাদা আজ সংকটের মুখে। অনতিবিলম্বে হাসপাতাল ও ক্লিনিকে রিপ্রেজেন্টেটিভদের কাজ করার পথে সকল বাধা দূর করার আহ্বান জানান বক্তারা।