জামালপুরে ৩টি বিপণিবিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানদারকে জরিমানা

প্রকাশ : 2026-02-26 19:26:26১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

জামালপুরে ৩টি বিপণিবিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানদারকে জরিমানা

জামালপুরে বিভিন্ন বিপণিবিতান ও দ্রব্যসামগ্রীর দোকানে অভিযান পরিচালনা করে ৩টি বিপণিবিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শরিফুল ইসলাম ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।

বৃহস্পতিবার সকালে শহরের বকুলতলা মোড় থেকে এ অভিযান শুরু হয়। পরে বাংলাদেশি পোশাক বিদেশি পোশাক বলে বিক্রি করায় এমব্রেলাকে ১০ হাজার টাকা, সেলফকে ২ হাজার টাকা ও মনেরেখো বস্ত্রালয়কে ৩ হাজার টাকা করে মোট ১৫হাজার টাকা জরিমানা করা হয়।  

দুপুরে রানীগঞ্জ বাজারের বিভিন্ন দ্রব্যসামগ্রীর দোকানে হলুদসহ অন্যান্য দ্রব্য পরীক্ষা ও পরিদর্শন করা হয়। পরীক্ষা-পরিদর্শন শেষে একটি দোকানে নকল পানীয় পণ্য পাওয়ায় ২ হাজার টাকা ও আরেকটি দোকানে নিষিদ্ধ হাইকো কোম্পানীর কেওড়া জল পাওয়ায় ৩ হাজার টাকা। সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ উপস্থিত ক্রেতাদের সতর্ক করে বলেন, কেওড়া জল নিষিদ্ধ একটি পণ্য। এটি মৃতদেহের ময়নাতদন্তে এসিড হিসাবে ব্যবহার করা হয়। যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। সারা রমজান মাস এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শরিফুল ইসলাম।