জামালপুরে মৎস্যজীবী দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশ : 2026-02-27 19:09:26১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

জামালপুরে মৎস্যজীবী দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জামালপুরে মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ শুক্রবার ২৭ ফেব্রুয়ারি জামালপুর জেলা মৎস্যজীবী দলের আয়োজনে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি জামালপুর সদর আসনের সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, দীর্ঘ ১৭ বছর মানুষ দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করেছে, ভোট ডাকাতিসহ জোর-জুলুম, নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম করেছে। সংযত কারনেই আজকে মানুষ স্বপ্ন দেখছে তাদের ভোটে নির্বাচিত বিএনপির নেতৃত্বে আগামীদিনে বাংলাদেশ একটি দুর্নীতি, দুঃশাসন, ভোটডাকাত লোটেরা, স্বৈরাচার এবং সন্ত্রাস চাঁদাবাজমুক্ত একটি সুন্দর স্বপ্নের জনগণের কল্যাণের বাংলাদেশ হবে। 

জামালপুর জেলা মৎস্যজীবীদলের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. জুনায়েদ হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি হাজী আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাহেব আলী, সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।

সংসদ সদস্য এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি আরও বলেন, সেই  জনগণের কল্যাণে বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে আমরা আমাদের প্রিয়নেতা জিয়াউর রহমান এবং প্রিয়নেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে আগামীদিনে এগিয়ে যেতে চাই। আজ তারেক রহমান বিএনপির হাল ধরেছেন, দেশের হাল ধরেছেন। আমার বিশ্বাস তারেক রহমানের নেতৃত্বে এবং বিএনপির নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। 

তিনি আরও বলেন, সেই এগিয়ে যাওয়া সংগ্রামে বিএনপিসহ বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের প্রতিটি সৈনিকের ন্যায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলও আমাদের সাথে সেই যাত্রায় শরিক হবে।  এসময় তিনি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবীদলের বিশাল আয়োজনে যারা শরিক হয়েছেন  তাদের সকলকে ধন্যবাদ জানান।

প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা শেষে জেলা বিএনপির দলীয় কার্যলায়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।