জামালপুরে অটো চালক হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার
প্রকাশ : 2026-05-08 18:58:19১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
জামালপুর জেলার ইসলামপুর উপজেলার আলোচিত অটোরিকশা চালক হত্যা মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৭ মে) শেরপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার (৮ মে) রাত ২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জামালপুর জেলা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বন্ধভাটপাড়া এলাকার সাইদুল ইসলাম (৪৫), গরুচরণ দুধনই এলাকার আসমত আলী (৩২), পূর্ব বাকাকুড়া এলাকার খুরুম (২৫) এবং জামালপুরের মেলান্দহ উপজেলার কাজীরপাড়া এলাকার সুজন (২২)।
মামলা সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল ভোরে মেলান্দহ উপজেলার পূর্ব শ্যামপুর এলাকার জুয়েল শেখ (৩০) অটোরিকশা নিয়ে যাত্রী পরিবহনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন ৭ এপ্রিল সকালে ইসলামপুর উপজেলার পশ্চিম শংকরপুর এলাকায় একটি ভুট্টাক্ষেত থেকে পলিথিন ও স্কচটেপে মোড়ানো অবস্থায় তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ইসলামপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। তদন্তের একপর্যায়ে পুলিশ বৃহস্পতিবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করে। এ সময় হত্যাকাণ্ডে লুট হওয়া অটোরিকশাটি পূর্ব বাকাকুড়া এলাকা থেকে উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে জুয়েল শেখকে হত্যা করে তার অটোরিকশা ও মোবাইল ফোন লুট করে। পরে লাশ গুমের উদ্দেশ্যে ভুট্টাক্ষেতে ফেলে রেখে যায়।জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।