ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে নন্দীগ্রামে জামায়াতের বিজয় মিছিল

প্রকাশ : 2025-08-06 12:18:20১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে নন্দীগ্রামে জামায়াতের বিজয় মিছিল

২০২৪ এর গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে সারাদেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামে জামায়াতের বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (৫ আগস্ট) বাদ আছর নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকা থেকে উপজেলা জামায়াতের উদ্যােগে একটি বিশাল বিজয় মিছিল বের হয়। মিছিলটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। 

এরপর উপজেলা জামায়াতের আমির আব্দুর রহমানের সভাপতিত্বে ও পৌর জামায়াতের সেক্রেটারী আব্দুল আলিমের সঞ্চালনায় এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজ গণঅভ্যুত্থান দিবস। দেশের ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমাদের এই বিজয়। আমরা আগামীদিনে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। যে বাংলাদেশ হবে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত ও দখলবাজমুক্ত। ফ্যাসিবাদী সরকার ১৬টি বছর মানুষের মৌলিক অধিকারগুলো হরণ করেছিলো। ছাত্র-জনতার ওপরে গুলি করে হত্যা করেছিলো। অনেক জীবনের বিনিময়ে অর্জিত এই গণঅভ্যুত্থান। এই অভ্যুত্থান কোনোভাবেই বিফলে যেতে দেওয়া যাবে না। এজন্য আমাদের থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু, উপজেলা জামায়াতের সেক্রেটারি গোলাম রব্বানী, উপজেলা জামায়াতের সাবেক আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য রুহুল আমিন যুক্তিবাদী, শেখ সাদী, পৌর জামায়াতের সভাপতি জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুস সাত্তার, পৌর যুব জামায়াতের সভাপতি রাকিবুল হাসান,  উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বোরহান উদ্দিন, উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আব্দুল কাদের সিদ্দিক ও উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ।