গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, দেশজুড়ে নিরাপত্তা জোরদার

প্রকাশ : 2026-04-25 10:39:50১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, দেশজুড়ে নিরাপত্তা জোরদার

নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সম্ভাব্য নাশকতার পরিকল্পনাকে কেন্দ্র করে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ পুলিশ।

সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক চিঠিতে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার এবং জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সব ইউনিটকে বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সদস্য ইশতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। বিষয়টি গোয়েন্দা নজরদারিতে উঠে এসেছে।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, এই চক্রটি জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা ও সদস্য, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং শাহবাগসহ গুরুত্বপূর্ণ এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে।

এছাড়া বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারেও হামলার পরিকল্পনার ইঙ্গিত পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। আইনশৃঙ্খলা বাহিনীর মতে, জড়িত ব্যক্তিরা দেশের নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ।

এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তা জোরদার এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভাব্য নাশকতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। একইসঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়াও চলছে।