কালকিনিতে মোবাইল ছাড়ানোর টাকা না পেয়ে অভিমানে যুবকের আত্মহত্যা, মায়ের আহাজারি
প্রকাশ : 2026-06-02 22:23:34১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদারীপুরের কালকিনি উপজেলার পাঙ্গাসিয়া এলাকায় মায়ের সঙ্গে অভিমান করে ইয়াছিন লিখন প্যাদা (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
নিহত ইয়াছিন লিখন প্যাদা উপজেলার পাঙ্গাসিয়া তালুকদার বাড়ি এলাকার বাসিন্দা। তার বাবা বাবুল প্যাদা বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের উত্তর বায়োরগাতি গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পারিবারিক বিচ্ছেদের কারণে দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে তিনি তার নানার বাড়িতে বসবাস করে আসছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, ইয়াছিন ঢাকার কামরাঙ্গীরচরে একটি চামচ তৈরির কারখানায় কাজ করতেন। ঈদ উপলক্ষে কয়েকদিন আগে তিনি গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার সকালে নিজের বন্ধক রাখা মোবাইল ফোন ছাড়িয়ে আনতে মায়ের কাছে ২ হাজার টাকা চান। তবে তাৎক্ষণিকভাবে টাকা দিতে না পারায় মা-ছেলের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। পরে অভিমান করে তিনি নিজ ঘরে গলায় ফাঁস দেন বলে পরিবারের সদস্যরা জানান।
এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মা। স্থানীয়দের ভাষ্য, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন কষ্ট করে ছেলেকে নানার বাড়িতে লালন-পালন করেছেন তিনি। সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে তিনি বারবার মূর্ছা যাচ্ছেন। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পরিবারটির প্রতি সমবেদনা জানিয়ে সবাইকে পারিবারিক বিরোধ ও মানসিক চাপের মুহূর্তে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন।