ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের ভিড়, চাপ বেড়েছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে
প্রকাশ : 2026-03-18 20:16:48১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ঈদকে সামনে রেখে মুন্সীগঞ্জ সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আজও ঈদে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। অনেকে জীবনের ঝুঁকি নিয়ে বাস- ট্রাক-পিকআপ-ভ্যানে করে বাড়ি যাচ্ছেন। প্রায় প্রতিটি গাড়িতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। তবে এখনও পর্যন্ত বড় ধরনের যানজট ছাড়াই স্বস্তিতে চলছে ঈদযাত্রা।
আজ বুধবার (১৮ মার্চ)সকাল থেকে সিরাজদিখান নিমতলাতে যানবাহনের জন্য দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ঈদে ঘরমুখো মানুষদের। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সকাল থেকে যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক থাকলেও ঢাকা-আব্দুল্লাহপুর নিমতলা- শ্রীনগর-মাওয়াতে ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। এবার শিল্প কারখানাগুলো ধাপে ছুটি হচ্ছে। দুদিন আগে থেকেই কারখানা ছুটি শুরু হয়েছে। এদিকে সকাল থেকেই পদ্মা সেতু পার হয়ে ঈদে বাড়ি ফিরছেন হাজারো মানুষ। দীর্ঘ ছুটি থাকায় অনেকে ধীরে ধীরে যাত্রা শুরু করায় সড়কে চাপ তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রয়েছে।
সিরাজদিখান থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নান বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির সংখ্যা কিছুটা বাড়লেও তা সহনীয় পর্যায়ে রয়েছে। তিনি আরও বলেন, দীর্ঘ ছুটির কারণে মানুষ ধাপে ধাপে বাড়ি ফিরছে। ফলে একসঙ্গে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে না, তাই এবার বড় ধরনের যানজটের আশঙ্কা নেই।
ঢাকা- মাওয়া হাইওয়ে পুলিশের মতে গত দুই দিনে ৪০ শতাংশ গার্মেন্টস কারখানা ছুটি হয়েছে। বাদবাকি গার্মেন্টস কারখানা আজ ছুটি হবে। এদিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ আছে। তবে এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ থাকলেও গাড়ি চলছে স্বাভাবিক গতিতে। কোনো ধরনের যানজট দেখা যায়নি। অপরদিকে যাত্রীদের অভিযোগ, বাসভাড়া দ্বিগুণ বেশি নেওয়া হচ্ছে।