আদমদীঘিতে ট্রেনের ধাক্কায় কর্তব্যরত গেটম্যানের মৃত্যু
প্রকাশ : 2026-02-08 13:28:47১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
আদমদীঘির সান্তাহারে চলন্ত ট্রেনের সাথে ধাক্কা লেগে শাহানুর ওরফে বাবু মিয়া (২২) নামের গেটম্যানের মৃত্যু হয়েছে। সে আদমদীঘি উপজেলার কাল্লাগাড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে। গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টায় সান্তাহার পোওতা রেলগেটে ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্ত:নগর একতা ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গতকাল শনিবার বিকেলে শাহানুর ওরফে বাবু মিয়া ও আনারুল ইসলাম নামের দুই গেটম্যানের ডিউটি সান্তাহার স্টেশনের উত্তরে পোওতা রেলগেটে। বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্ত:নগর একতা ট্রেনটি গেট অতিক্রম করার জন্য কর্তব্যরত গেটম্যানরা গেট বন্ধ রাখে। এসময় ট্রেনটি গেট অতিক্রম করার সময় শাহনুর ওরফে বাবু মিয়া গেটের পাশে ঘোরাঘুরি করার সময় চলন্ত ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বাদি না থাকায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।